সবুজার রহমান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন কথিত মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) গভীর রাতে বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর (কাজীপাড়া) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ। অভিযানে মোছাঃ ফরিদা খাতুন (৪৬), মোছাঃ মালেকা বানু (৪৪) এবং মোছাঃ শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় ফরিদা খাতুনের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। এছাড়া মালেকা বানুর কাছ থেকে ২ বোতল ইস্কাফ এবং শিরিনা আক্তারের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে।
এদিকে একই রাতে উপজেলার কল্যাণপুর এলাকায় পৃথক অভিযানে তৌফিক (২৫) ও তুহিন (৩৫) নামে দুই ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬