মো: আল আমীন মিয়া, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাতদলের হামলা ও গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ব্যবসায়ী তমিজ উদ্দিন নিজের বাড়ির গেটের সামনে এক অজ্ঞাত যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাকে ডাকাত দলের সদস্য সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে গেলে বাড়ির পাশে লুকিয়ে থাকা ৭-৮ জনের একটি সশস্ত্র দল বেরিয়ে এসে তাকে মারধর করে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা তমিজ উদ্দিনের পায়ে গুলি করে একটি সাদা রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত তমিজ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬