
দিনাজপুর পৌর শহরের শেরশাহ মোড় থেকে রাজবাড়ী যাওয়ার সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এর সঙ্গে ধীরগতিতে চলা ড্রেন নির্মাণকাজের কারণে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে নানা ভোগান্তি। এরই মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধসে পড়েছে জুবিলী উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের একটি অংশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ নাজুক অবস্থায় রয়েছে। এর মধ্যে ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় কোথাও সড়ক সরু হয়ে গেছে, আবার কোথাও তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট ও জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
শুক্রবার সকালে জুবিলী উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের একটি অংশ হঠাৎ ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ধসে পড়া অংশ দ্রুত অপসারণ না করা হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সড়কের দুরবস্থা ও ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও তা দ্রুত শেষ না হওয়ায় জনভোগান্তি কমছে না।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কার এবং ড্রেন নির্মাণকাজ যথাযথভাবে দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ধসে পড়া জুবিলী উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের অংশ দ্রুত অপসারণ করে নিরাপদভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল।
তাদের দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬