
মৌলভীবাজার সদর উপজেলার আদর্শ গ্রামে সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত নেওয়া ৭০ শতক খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের একাধিক লিখিত নির্দেশের পরও কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সজ্ঞব খান মুকিদ।
ভুক্তভোগীর দাবি, তার পিতা মৃত সদর খানের নামে মৌজা পাট অব দিনারপুর হিলস, খতিয়ান-১, দাগ নম্বর ৩৩ ও ১২-এর আওতাধীন ৭০ শতক জমি ৪৫/৯১ ও ৪৩/৯০-৯১ নম্বর বন্দোবস্তের মাধ্যমে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়। জমির রেকর্ডে ভুল থাকায় হালনাগাদের জন্য আবেদন করার পর একই গ্রামের সাত্তানুর মিয়া ও তার ছেলে আনিস মিয়া ওই জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেন বলে অভিযোগ তার।
এ ঘটনায় ভুক্তভোগী ১০ আগস্ট ২০২৫ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। পরে ১৭ আগস্ট জেলা প্রশাসক স্মারক নম্বর-১৯৩১-এর মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ১০ মার্চ ২০২৬ তারিখেও জেলা প্রশাসকের পক্ষ থেকে পুনরায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী।
এদিকে, বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত প্রতিবেদনও দেন। ওই প্রতিবেদনে বিবাদীদের বাড়িতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে বলে দাবি ভুক্তভোগীর। তবে অভিযোগের পরও জমি নিয়ে বিরোধের কার্যকর সমাধান হয়নি বলে তার অভিযোগ।
ভুক্তভোগীর আরও অভিযোগ, তার আরএস রেকর্ড হালনাগাদের ফাইল আমতৈল ইউনিয়ন ভূমি অফিসে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট তহসিলদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রতিকার না পেয়ে ভুক্তভোগী গত ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন। পাশাপাশি তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায়ও আবেদন করা হয়েছে।
তবে জমি দখলের অভিযোগে অভিযুক্ত সাত্তানুর মিয়া ও আনিস মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬