প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৪:৩৩ এ.এম
রূপগঞ্জে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে নারী বাবুর্চির মরদেহ উদ্ধার

মোঃ আল আমীন মিয়া, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ি আবাসন কোম্পানির লেকের পাড়ের ঝোপ থেকে রাবেয়া বেগম (৪৫) নামে এক নারী বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জলসিঁড়ি আবাসন কোম্পানির ১২ নম্বর সেক্টরের লেকের পাড়ের ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া বেগম ভোলার সদর থানার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় রানার বাসায় ভাড়া থাকতেন। জলসিঁড়ি আবাসন কোম্পানির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে রান্নাবান্নার কাজ করতেন তিনি।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, রোববার সন্ধ্যায় কাজ শেষে রাবেয়া বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় স্থানীয়রা জলসিঁড়ি আবাসন কোম্পানির ১২ নম্বর সেক্টরের লেকের পাড়ের ঝোপের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো একসময় ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ঝোপের মধ্যে ফেলে রেখে যেতে পারে। তবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬