কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা
- আপডেট সময় : ০১:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ভূমি অফিস, রেকর্ড অফিস ও বিভিন্ন বেকারি দোকানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত কুদ্দুসকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
জানা গেছে, এলাকায় চাঁদাবাজি ও অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কুদ্দুসকে গ্রেফতার করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কাশিমপুর থানা এলাকায় কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুকে ছাড় দেওয়া হবে না।”
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি আমিনুল ইসলাম স্থানীয় চাঁদাবাজি ও অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং প্রতিবাদী ভূমিকা পালন করেন। এর জের ধরেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া হামলাকারীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে, তবে এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কাশিমপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তারা অবিলম্বে সকল দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।









