রূপগঞ্জে আনন্দ-উচ্ছ্বাসে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৯:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে দিনভর আনন্দ-উল্লাসে মেতে ওঠে সব শ্রেণি-পেশার মানুষ। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে সকাল থেকেই বিভিন্ন বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা।
ঈদের দিন সকালেই উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় আনন্দঘন এই দিনের আনুষ্ঠানিকতা।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে রূপগঞ্জের জনপ্রিয় বিনোদন ও দর্শনীয় স্থানগুলোতে মানুষের ঢল নামে। বিশেষ করে ৩০০ ফিট এলাকায় ছিল সবচেয়ে বেশি ভিড়। এছাড়া ঐতিহ্যবাহী মুড়াপাড়া কলেজ জমিদার বাড়ী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জিন্দা পার্ক এবং শীতলক্ষা ব্রিজ এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এছাড়া বিনোদনপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাজমহল (বাংলাদেশ), সুবর্নগ্রাম, সেন্ট্রাল পার্ক, সুমাত্রা কিংডম এবং ফানল্যান্ড। এসব স্থানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ উপভোগ করতে ভিড় জমায়। বিশেষ করে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কেউ পরিবার নিয়ে পিকনিকের আমেজে সময় কাটাচ্ছেন, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। অনেকেই স্মৃতিবন্দি করতে ছবি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত সময় পার করেন।
এদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩০০ ফিটে ঘুরতে আসা মো: আলামিন বলেন, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে ঈদই তাদের জন্য নিয়ে আসে নির্মল আনন্দের সুযোগ। তাই প্রতিবছরের মতো এবারও রূপগঞ্জের মানুষ আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে উদযাপন করেছেন পবিত্র ঈদ উল ফিতর।



















