ঈদের ছুটিতে কক্সবাজারে জনস্রোত, পর্যটকদের ভিড়ে মুখর সমুদ্রসৈকত
- আপডেট সময় : ০১:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

নিত্য সংবাদ ডেস্ক:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ছুটিতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতে নেমেছে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতখ্যাত এই পর্যটন নগরীতে।
ঈদের ছুটি শুরুর পর থেকেই কক্সবাজার শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্ট, কলাতলী, সুগন্ধা ও ইনানী সৈকতে দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। শিশুদের আনন্দ-উল্লাস, তরুণদের উচ্ছ্বাস আর পরিবারগুলোর মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো সমুদ্রপাড়।
বিশেষ করে বিকেলের দিকে সমুদ্রসৈকতে যেন মানুষের ঢল নামে। ঢেউয়ের সঙ্গে খেলা, বালুচরে হাঁটাহাঁটি এবং সূর্যাস্ত উপভোগ করতে ব্যস্ত সময় কাটান পর্যটকরা। অনেকেই জানান, দীর্ঘদিনের কর্মব্যস্ততা শেষে ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসে তারা স্বস্তি অনুভব করছেন।
অন্যদিকে, পর্যটকদের চাপ বাড়ার সুযোগে আবাসিক হোটেলগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। স্বাভাবিক সময়ের তুলনায় অনেক হোটেলে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা। তবে এতকিছুর পরেও পর্যটকদের আগ্রহে ভাটা পড়েনি।
নারায়ণগঞ্জ থেকে আসা রানা মিয়া বলেন, “ভাড়া একটু বেশি হলেও বন্ধুদের নিয়ে এখানে এসে সময় কাটাতে পারছি, সেটাই বড় আনন্দের।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকের এই ব্যাপক উপস্থিতি তাদের ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করেছে। হোটেল-রেস্তোরাঁ, পরিবহন ও বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট খাতে বেড়েছে কর্মচাঞ্চল্য।
কক্সবাজার পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের পুরো ছুটিজুড়েই এমন পর্যটক সমাগম অব্যাহত থাকবে। তবে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন।










