ক্রেতার সংকটে দিনাজপুরের আমবাড়ি পশুর হাট
- আপডেট সময় : ১২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের কোরবানির পশুর হাটগুলো এখন পশুতে ভরপুর! জেলার ৬৮টি হাটে প্রায় ৪ লাখ ২৬ হাজার পশু প্রস্তুত থাকলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা।
অর্থনৈতিক সংকটের কারণে ক্রেতাদের নজর ১ লাখ টাকার মধ্যে ছোট ও মাঝারি গরুর দিকে। বড় গরু নিয়ে বিপাকে খামারিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় গত বছরের তুলনায় দাম কিছুটা কম মনে হলেও গো-খাদ্যের চড়া দামে লোকসানের শঙ্কায় বিক্রেতারা। তাছাড়া লালন-পালনের ঝক্কি এড়াতে সবাই চাচ্ছেন ঈদের ২-৩ দিন আগে গরু কিনতে। তাই এখন চলছে শুধু দরদাম আর পর্যবেক্ষণ।
এসব সমস্যা উপেক্ষা করে খামারিরা তাদের পালিত পশু নিয়ে হাটে আসছেন।হাটে জালিয়াতি রোধে ব্যাংক প্রতিনিধি এবং পশুর স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আছে বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম।
খামারিদের কপালে এখন চিন্তার ভাঁজ—শেষ মুহূর্তে কি কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে কষ্টে পালিত পশু?










