দিনাজপুরে ডাকাতির সরঞ্জামসহ পিকআপ উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ভুয়া পরিচয়পত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজের একটি কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোপালগঞ্জের সোহানুল ইসলাম (৪০), ভোলার খলিল (৩০), গোপালগঞ্জের বরুণ বালা (৪৩) এবং রংপুরের দুলাল মিয়া (৪০)।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি NISSAN Double Cabin Carry Boy পিকআপ, পাঁচটি মোবাইল ফোন, কর্ডলেস ড্রিল ও অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কাটিং ডিস্ক, বিভিন্ন ধরনের চাবি, ভুয়া পরিচয়পত্র ও নিরাপত্তা সরঞ্জাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউস থেকে ব্যাটারি ও মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের প্রকৌশলী ও টেকনিশিয়ান পরিচয় দিত। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










