আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
- আপডেট সময় : ০৬:৪২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

সামিউল হোসেন, সাভার প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. নাফিউল ইসলাম পিপিএম ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার তিতাস থানার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার উথুলি এলাকার মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)। তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮ নম্বরের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছেন, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক মো. মাসুমের বিরুদ্ধে এর আগে একটি ছিনতাই মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।


















