সিদ্ধিরগঞ্জে লুণ্ঠিত কাভার্ড ভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার, ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও প্রায় ৯ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোরে ফতুল্লার সাদ্দাম মার্কেট থেকে কম্বলবোঝাই কাভার্ড ভ্যানটি ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়।
এরপর ডাকাতরা চালক ও মালিককে মারধর করে ছুরি দেখিয়ে তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়। পরে তাদের চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় ফেলে রেখে কম্বলসহ কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত কাভার্ড ভ্যান, ৬১৪টি কম্বল উদ্ধার এবং ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।










