বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের
- আপডেট সময় : ০৫:১৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

সামিউল হোসেন, সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিয়ে ছাড়াই প্রায় ছয় মাস একসঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের পর টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন রতন (২১) নামে এক যুবক।
অভিযোগ সূত্রে জানা যায়, রতনের দাবি অনুযায়ী, তিনি ও শিরিনা খাতুন (১৯) প্রায় ছয় মাস ধরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। পরে শিরিনা তাকে ছেড়ে চলে যান। এ সময় নগদ ৫০ হাজার ৩০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
রতনের বাবা, সিএনজি চালক মো. রফিকুল ইসলাম বলেন, শিরিনার পূর্বে একটি বিয়ে হয়েছিল। তার দাবি, ছয় মাস আগে শিরিনা রতনের সঙ্গে বসবাস শুরু করেন। বর্তমানে শিরিনা চলে যাওয়ার পর রতন মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে রতন বলেন, তাদের মৌখিকভাবে বিয়ে হয়েছিল, তবে কোনো সাক্ষী ছিল না। বর্তমানে তিনি শিরিনাকে স্ত্রী হিসেবে দাবি করছেন এবং তাকে ফিরে পাওয়ার পাশাপাশি অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা চেয়েছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোসা. শিরিনা খাতুনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










