বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
- আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (নাম) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিয়ের আনন্দের ঘর মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে।
জানা গেছে, উপজেলার গাছেরদিয়াড় গ্রামের উত্তরপাড়ার মো. ইউসুফের একমাত্র ছেলে আনাস গতকাল ২০ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।
রাতে বাড়িতে বিয়ের আয়োজন চলাকালে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন। এ সময় হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের ধারণা, ফ্যানটিতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগজনিত ত্রুটি ছিল।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনাসকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিয়ের আনন্দের দিনেই নববধূকে রেখে আনাসের এভাবে চলে যাওয়া পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। বিয়ের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।










