বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি
- আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কাশিমপুর ডিপিএল গেটসংলগ্ন সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থী ও শ্রমিকরা। কাশিমপুর থেকে শ্রীপুরমুখী গুরুত্বপূর্ণ এ সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় দীর্ঘদিন ধরে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ডিপিএল গেটের সামনে সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও কোথাও পানি হাঁটুসমান হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে পথচারীদেরও পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি এলেই এ সড়কে পানি জমে যায়। এতে কর্মস্থলে যাতায়াতকারী শ্রমিকসহ সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। পাশাপাশি সড়কের গর্ত পানিতে ডুবে থাকায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।
জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও তা ধীরগতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করা হলে দীর্ঘদিনের এ দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
স্থানীয়রা গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান অভিভাবক জনাব শওকত হোসেন সরকার-এর প্রতি দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করে জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।









