দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময় : ০৮:০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দিনাজপুরে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা সতর্ক ও তৎপর থাকবে।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ওসি এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















