দিনাজপুরে মানবিক কাজের স্বীকৃতি পেলেন যুব স্বেচ্ছাসেবকরা, দেওয়া হলো সম্মাননা ও অনুদান
- আপডেট সময় : ০৩:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

সবুজার রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরে যুব স্বেচ্ছাসেবকদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি দিতে ‘ভলান্টিয়ার ২০২৬’ ও ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ উপলক্ষে সম্মাননা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এ কর্মসূচির মূল অনুষ্ঠান ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএসএম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক ফরিদুজ্জামান, সহকারী পরিচালক মামুন হাসান এবং প্রশিক্ষক মো. মোস্তফা সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে যুব স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও অনুদান প্রদানের কার্যক্রম তুলে ধরা হয়। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ততা বাড়ানো, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ যুবসমাজকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে।


















