দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ আটক ২
- আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:
দিনাজপুর শহরে নিয়মিত ট্রাফিক চেকপোস্টে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সদর হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুর পৌরসভার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠিতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপ চালক এবং রতন পিকআপ গ্যারেজে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক পুলিশ জানায়, লিলির মোড় থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুইজন বালুবাড়ির দিকে যাচ্ছিলেন। সদর হাসপাতাল মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট রূপক কুমার ঝা মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র যাচাই করতে চাইলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালানোর সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
তল্লাশির একপর্যায়ে হারুনের কাছে থাকা একটি লাল প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শুটার) ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।
অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন। ট্রাফিক ইন্সপেক্টর অমৃত সরকারের উপস্থিতিতে প্রাথমিক তল্লাশি শেষে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক হারুনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



















