রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ, চার শ্রমিক আহত
- আপডেট সময় : ০৯:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

নিরাপন বিশ্বাস, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে তারাবো পৌরসভার বরপা-আড়িয়াবো এলাকার প্রিমিয়ার রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মিলের শ্রমিক আবির হাসান (৩০), নাবির হোসেন (২৫), নাজমুল হাসান (৩০) ও রকিব হোসেন (২৫)। তাদের মধ্যে আবির হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় লোহা গলানোর বাট্টিতে লিকেজ হয়ে গলিত লোহা নিচে পড়ে শ্রমিকরা আহত হন। বিস্ফোরণের পরপরই মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবির হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
রি-রোলিং মিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, লোহা গলানোর বাট্টিতে লিকেজের কারণে গলিত লোহা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


















