গাজীপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম বন্ধে স্মারকলিপি
- আপডেট সময় : ০৫:০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বিভিন্ন বেসরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার নামে ব্যবসায়িক কার্যক্রম ও নানা অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার (৯ অক্টোবর) এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগরের শাহীন ক্যাডেট স্কুলসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপস্থিত ব্যক্তিরা বলেন, শিক্ষা কোনোভাবেই যেন কেবল ব্যবসায়িক কার্যক্রমে পরিণত না হয়। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, অভিভাবকদের উদ্বেগ নিরসন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও সমস্যা নিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা।
স্মারকলিপি প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ আহাম্মদ, বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন বাবু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রাতাসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও অভিভাবকেরা।
উপস্থিত ব্যক্তিরা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।


















