রূপগঞ্জে শীতলক্ষ্যায় পিকনিকের আড়ালে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড, ইউপি সদস্যসহ আটক ২০
- আপডেট সময় : ০৪:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের আড়ালে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ইউপি সদস্যসহ ২০ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে একটি পিকনিকের ট্রলার থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মানিক মিয়াসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং সাত নারী রয়েছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারটিতে অভিযান চালানো হয়। এ সময় ট্রলার থেকে বিদেশি মদ, বিয়ার, তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ট্রলারে পিকনিকের নামে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল। আটক সাত নারীকে নৃত্যশিল্পী পরিচয়ে সেখানে নেওয়া হয়েছিল বলে পুলিশ জানায়। পরে আটক ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।










