দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সবুজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. রশিদুল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তার এক সহযোগী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে রশিদুল ইসলামকে ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার রসুলপুর (হাফিজ মেম্বারপাড়া) এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাঈদ ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি একটি লাল শপিং ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে আরও ২০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, রশিদুল ও পলাতক আবু সাঈদ পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখেছিলেন।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়েরের জন্য এজাহার দেওয়া হয়েছে। গ্রেপ্তার রশিদুল ইসলামকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।









