দিনাজপুরে ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের কাহারোল উপজেলায় আবুল কালাম আজাদ (৪৮) নামে এক ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম আজাদ কাহারোল উপজেলার রাজুরিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকার একটি ইটভাটায় সাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আবুল কালাম আজাদ। পরে হোসেনপুর গ্রামের রাস্তার পাশে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি কাহারোল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাহারোল থানা পুলিশ জানিয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাস্তার পাশে ইটভাটার সাইট ম্যানেজারের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



















