চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে তিনজনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট, সেবনের কাজে ব্যবহৃত কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাঁশঝাড়ে বসে টাপেন্টাডল সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৩৮), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৫) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন (২৩)।
পরে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
আদালতের আদেশের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















